খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে নীতিদত্ত চাকমা নামে এক ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সংগঠনটির পানছড়ি উপজেলার সংগঠক বলে জানা গেছে।
শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নীতিদত্ত চাকমা ওই সময় সুতাকর্মা পাড়ার একটি দোকানে বসে ছিলেন। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। নিহতের পেটে গুলির চিহ্ন রয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তবে তিনি এর বেশি বিস্তারিত জানাতে পারেননি।
এদিকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা ঘটনার জন্য প্রসিতপন্থী ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































