ট্রেনে কাটা পড়া মা-ছেলেসহ ৫ মরদেহ হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলেসহ নিহত পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার (২৮ মার্চ) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করে। এ সময় প্রত্যেকের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়।
এর আগে শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আব্দুর রশিদের মেয়ে রিফা আক্তার (২৩)। তারা ঈদের ছুটি শেষে গাইবান্ধা থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। বাসের যাত্রী ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ছেড়ে আসা বাসটির তেল শেষ হয়ে গেলে চালক ও হেলপার মহাসড়কের রেললাইনের পাশে গাড়ি দাঁড় করিয়ে তেল আনতে যান। বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে কেউ কেউ রেললাইনে বসে ছিলেন এবং ফোনে কথা বলছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়। বাসের যাত্রীরা বেশির ভাগই পোশাক কারখানার কর্মী ছিলেন।
নিহত রিফা আক্তারের বড় ভাই আব্দুল মোমিন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো আমাদের কাছে হস্তান্তর করেছে। নিহতরা সবাই আমার পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজন। রেলওয়ে কর্তৃপক্ষ নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা দিয়েছে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, ‘গাইবান্ধা থেকে গাজীপুরগামী যাত্রীবাহী বাসটি কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসের তেল শেষ হয়ে যায়। থেমে থাকা বাসের কয়েকজন যাত্রী গাড়ি থেকে নেমে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে রেললাইনে বসে ছিলেন। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।’ নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে এসআই আরও জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/২৮মার্চ/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































