সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল আটক

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে আটক করা হয়েছে। ঢাকার শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
সোমবার রাতে পুলিশের একটি সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে আটক করেছে। সোমবার রাতে পাবনা থেকে ঢাকায় আসার পথে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবির একটি সূত্র জানায়, শাপলা চত্বর সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।
জানা গেছে, আব্দুল জলিল মন্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন।
চাকরিজীবনে নীলফামারী, বাগেরহাট এবং জয়পুরহাটের পুলিশ সুপার ছিলেন।
পুলিশের সাবেক এই ডিআইজি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
এদিকে আব্দুল জলিল মন্ডলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই মামলা হয়।
এদিকে সোমবার রাত সোয়া দশটার দিকে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ঢাকাটাইমসকে জানিয়েছেন, সন্ধ্যার পর সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল পাবনা থেকে ঢাকায় এসে নিজ বাসায় প্রবেশের পর সবুজবাগ এলাকা থেকে আটক করা হয়। তিনি বলেন, তার বিরুদ্ধে (জলিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই আটক করা হয়েছে। অন্যকোনো মামলা আছে কি-না যাচাই-বাছাই চলছে বলে জানান নাসিরুল ইসলাম।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













