সাগর-রুনি হত্যা: বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাংবাদিকদের

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দেড় দশক পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। দ্রুত বিচার সম্পন্ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এ কথা বলা হয়।
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা।
সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারের কাছে হত্যাকাণ্ডের বিচার চাওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, ‘দেড় দশকেও এই হত্যার তদন্ত শেষ না হওয়া দেশ ও জাতির জন্য লজ্জার।’
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও হামলার ঘটনা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রাখারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০১২ সালে রাজধানীর নিজ বাসায় খুন হন সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের তদন্ত এখনো শেষ হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































