অটোপাশের দাবিতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় জিডি, তদন্তে পুলিশ

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় জিডি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অহিদুজ্জামানসহ পুলিশ ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন জানান, এ ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারও জিডির বিষয় নিশ্চিত করেন। ঢাকা টাইমসকে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা গুরুত্বের সাথে কাজ করছি।
এর আগে সোমবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ির ওপর আবারও চড়াও হয়ে তাঁকে নাজেহাল করেছে অটোপাসের দাবিতে আন্দোলনরত ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। এর আগে গত বছরের ২১ মে একই দাবিতে ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলার মুখে পড়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় প্রধান ফটকে আধা ঘণ্টা ভিসির গাড়ি গতিরোধ করে রাখে শিক্ষার্থীরা। কিছু শিক্ষার্থী ভিসির গাড়ির নীচে শুয়ে পড়ে। কর্তব্যরত নিরাপত্তাকর্মী ও উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীদের ভিসির গাড়ির সামনে থেকে সরাতে গেলে শিক্ষার্থীরা তাদের উপর হামলা করে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের অন্যায্য দাবি এবং অন্যায় আবদারের সাথে কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতি দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো অটোপাসকে সমর্থন করে না।’
অটোপাসের দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে শিক্ষার গুণগত মান বজায় রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস এবং গ্রেস নিরুৎসাহিত করছে। এ ব্যাপারে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় বিশ্ববিদ্যালয় একবার অটোপাস দিলে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































