মিউচুয়াল ফান্ড নিয়ে বিশেষ উদ্যোগ বিএসইসির

নতুন ‘মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা-২০২৫’-এর সঙ্গে সংগতি রেখে এই খাতের সার্বিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে পাঁচজন কর্মকর্তার সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)।
দেশের শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতকে আরও যুগোপযোগী ও আধুনিক করতে তথ্য প্রকাশের ফরম্যাট, মানদণ্ড এবং নির্দেশিকা হালনাগাদ করার উদ্দেশ্যে বিএসইসির এই উদ্যোগ।
বিএসইসির জারি করা সাম্প্রতিক এক আদেশ থেকে জানা যায়, কমিশনের অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবিরকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সুলতানা পারভীন, মো. আতিকুল্লাহ খান, মো. তৌহিদুল ইসলাম সাদ্দাম এবং মো. সাগর ইসলাম (সদস্য সচিব)।
নিয়ন্ত্রক সংস্থা সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ফান্ডের সম্পদ মূল্যায়ন ও তথ্য প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা। বিশেষ করে তহবিল ব্যবস্থাপনা ও রিপোর্টিং ব্যবস্থায় কঠোর তদারকি নিশ্চিত করতে চায় কমিশন।
কমিটিকে আগামী ৪০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। কমিটির কার্যপরিধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ট্রাস্ট ডিড তৈরি, ত্রৈমাসিক রিপোর্টিং ও পোর্টফোলিও স্টেটমেন্টের নতুন ফরম্যাট প্রণয়ন এবং ফান্ডের মার্জার বা কনভার্সন সংক্রান্ত সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করা। এর ফলে মিউচ্যুয়াল ফান্ড খাতের নথিপত্র ব্যবস্থাপনায় একটি অভিন্ন ও শক্তিশালী কাঠামো তৈরি হবে।
বাজার বিশ্লেষকদের মতে, ডিসক্লোজার বা তথ্য প্রকাশ ব্যবস্থার আধুনিকায়ন করা হলে বাজারে শৃঙ্খলা ও বিনিয়োগকারীদের আস্থা দুই-ই বাড়বে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে স্বচ্ছতা ফেরাতে বিএসইসি যেসব পদক্ষেপ নিয়েছে, নতুন এই কমিটি গঠন সেই ধারাবাহিকতাকেই আরও বেগবান করবে বলে মনে করছেন তারা।
নতুন বিধিমালায় মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের একটি চমৎকার বিধান রাখা হয়েছে বলে জানান বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
বিষয়টি আরও সহজ করে মুখপাত্র জানান, যদি কোনো ফান্ডের ইউনিটের বাজারমূল্য তার নিট সম্পদমূল্যের (এনএভি) তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তবে ইউনিটহোল্ডারদের স্বার্থে ট্রাস্টি ইজিএম ডাকবে। সেখানে বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে ফান্ডটি রূপান্তর বা অবসায়ন করা হবে।
এই রূপান্তর প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করতেই নতুন নীতিমালা প্রয়োজন, যা এই কমিটি প্রস্তুত করবে বলে জানান মুখপাত্র।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































