কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। তবে তাঁর বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ আরও ছয়টি মামলা রয়েছে।
এরআগে গত ৭ এপ্রিল গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছিল। মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, পিবিআইয়ের প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাসকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট ছয়জনকে আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির আওতায় করা হয়েছে এবং তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দাখিল করে।
এর আগে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালত দিন ধার্য করেছিলেন।
এদিকে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। হত্যা মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













