ভোলার ২০ লাখ মানুষের সুবিধায় চরফ্যাশনে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আবেদন

ভোলা জেলায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি জেলা শহরে না করে চরফ্যাশন উপজেলা বা জেলার মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এতে জেলার প্রত্যন্ত চরাঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের সহজে চিকিৎসাসেবা পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
বুধবার এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভোলার বাসিন্দা অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
আবেদনে তিনি উল্লেখ করেন, ভোলা একটি দ্বীপ জেলা, যেখানে সাতটি উপজেলা নিয়ে বিস্তৃত জনপদ গড়ে উঠেছে। এর মধ্যে ভোলা সদর এলাকায় ইতোমধ্যে সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক রয়েছে, ফলে ওই এলাকার মানুষ তুলনামূলকভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। কিন্তু চরাঞ্চলসহ অন্যান্য উপজেলার মানুষ এখনো আধুনিক চিকিৎসাসেবা থেকে অনেকটাই বঞ্চিত।
আবেদনে তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে, প্রস্তাবিত ভোলা মেডিকেল কলেজ ও হাসপাতালটি জেলা শহরে স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে করে দূরবর্তী এলাকার মানুষ, বিশেষ করে চরফ্যাশনসহ দক্ষিণাঞ্চলের বাসিন্দারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হবেন।
আবেদনে চরফ্যাশন উপজেলাকে সম্ভাব্য উপযুক্ত স্থান হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি ভৌগোলিকভাবে সুবিধাজনক হওয়ায় জেলার সাত উপজেলার মানুষের জন্য তুলনামূলকভাবে সহজে পৌঁছানো সম্ভব হবে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি একই দাবিতে সরকারকে একটি লিগ্যাল নোটিশও পাঠান এই আইনজীবী।
তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এমন একটি স্থান নির্ধারণ করবেন, যেখানে ভোলার সব উপজেলার মানুষ সমানভাবে আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































