বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশনসহ একাধিক প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ০৮:২১| আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮
অ- অ+

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী এই সফরে তিনি জেলার গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের প্রধান আকর্ষণ হিসেবে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে।

কর্মসূচি অনুযায়ী, ভোর ৬টায় ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে রূপান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পরে শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে ঢাকায় ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী।

ঐতিহাসিকভাবে বগুড়ার নগরায়ণ প্রক্রিয়া দীর্ঘ সময়ের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। ব্রিটিশ শাসনামলে ১৮২১ সালে জেলা ঘোষণার পর ১৮৬৯ সালে টাউন কমিটি এবং ১৮৭৬ সালে মিউনিসিপালিটি গঠিত হয়। সময়ের পরিক্রমায় এর আয়তন ও প্রশাসনিক কাঠামো সম্প্রসারিত হলেও বহু বছর ধরে সিটি করপোরেশনে উন্নীত না হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল।

২০০৬ সালে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হলেও পরবর্তী সময়ে আর অগ্রগতি হয়নি। বিভিন্ন সময়ে দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে বর্তমান সরকারের উদ্যোগে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করায় দীর্ঘদিনের সেই প্রত্যাশার অবসান ঘটছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

(ঢাকাটাইমস/২০ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
তিন ভাইয়ের মানব পাচার সাম্রাজ্য, ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য সিআইডির হাতে
৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি ফাঁস, যা আছে সমঝোতায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা