মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি নেতা মুকুল হোসেন গুরুতর আহত

মেহেরপুরের গাংনী উপজেলায় গুলি ও বোমা হামলায় বিএনপির নেতা মুকুল হোসেন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি-ভাটপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
আহত মুকুল হোসেন (৫৫) গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক এবং স্থানীয় সাহারবাটি গ্রামের বাসিন্দা। তিনি নেক মহাম্মেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শরীরচর্চার জন্য বাড়ি থেকে বের হয়ে ভাটপাড়া গ্রামের সড়ক ধরে হাঁটছিলেন মুকুল হোসেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুক, পিঠ ও হাতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার সময় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলির শব্দ ও বিস্ফোরণ শুনে আশপাশের লোকজন ছুটে এসে মুকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ আলামত উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
তবে হামলার পেছনে কারা জড়িত বা এর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(ঢাকাটাইমস/২০ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































