ভোলায় অস্ত্রসহ ২ কুখ্যাত ডাকাত আটক

ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃতরা হলেন–মো. জসিম হাওলাদার (৪৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৫০)। তারা উভয়ই ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দৌলতখান থানার চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ, একটি ফাঁকা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্রসহ এই দুইজন ডাকাতকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































