কাফরুলে চাঁদার দাবিতে গার্মেন্টস কারখানায় হামলা-গুলি, আটক ৪

রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি ও গুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাজধানীর মিরপুরে র্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি এতথ্য জানান।
এর আগে রবিবার সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রানা (৩১), সাগর শেখ (২৮), কালু (২৮) ও শশী (২২)।
কেএন রায় নিয়তি জানান, ভুক্তভোগী গার্মেন্টস কারখানার মালিক। গত ১৮ এপ্রিল সন্ধ্যায় তিনি তার অফিসে কাজ করার সময় ১২-১৩ জনের একটি সশস্ত্র দল সেখানে ঢুকে পড়ে।
তারা ভয়ভীতি দেখিয়ে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুজন অস্ত্র বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এরপর দুর্বৃত্তরা অফিসের লকার ভাঙচুর করে এবং তিন দিনের মধ্যে টাকা না দিলে হত্যার হুমকি দেয়। যাওয়ার সময় তারা সিসিটিভির ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়। পরে ঘটনাটির তদন্তে নামে র্যাব।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। পরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই ঘটনার মূল পরিকল্পনাকারী রানা। নির্জন এলাকা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে গার্মেন্টস কারখানাটিকে টার্গেট করা হয়। আগে থেকেই রানা এলাকা রেকি করে এবং পরে সহযোগীদের নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করে।
কেএন রায় নিয়তি জানান, গ্রেপ্তাররা মিরপুর, কাফরুলসহ আশপাশ এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































