নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে গেল বাস, দুজনের মৃত্যু

ঢাকার বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক বিভাজকে উঠে গেছে, আর এতে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সড়ক ভবনের সামনে এ প্রাণহানি ঘটে।
মহাখালী থেকে উত্তরাগামী ‘ভূঁইয়া পরিবহনের’ বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান বনানী থানার ওসি ফরিদুল আহমেদ।
তিনি বলেন, নিহত দুজন রোড ডিভাইডারের কাজ করছিলেন বলে জানতে পেরেছি। বাসটি আরেকজন পথচারীকে রক্ষা করতে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে ওই দুজন চাপা পড়েন।
তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পরেননি তিনি।
এর আগে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেন পুলিশের মহাখালী জোনের সহকারী কমিশনার মো. রাসেল রানা।
তিনি বলেন, বাসটি মিড আইল্যান্ডে তুলে দিয়েছে। ওই দুইজন বাদে আরো কয়েকজন আহত হয়েছেন। আমরা বাসটি সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











