রাজধানীর সন্ত্রাসীদের ছবি প্রকাশ ও সিসিটিভি নেটওয়ার্ক বাড়ানোর ঘোষণা

রাজধানীর অপরাধীদের ছবি শিগগিরই প্রকাশ ও প্রচার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে বড় পরিসরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আধুনিক তথ্যভিত্তিক পুলিশিং ব্যবস্থা এবং বিভিন্ন ডিজিটাল সেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ডিএমপির অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হবে এবং সাধারণ জনগণকে তাদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হবে।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজধানীজুড়ে প্রায় ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এর মধ্যে মোহাম্মদপুর এলাকাতেই প্রায় ৭০০ ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও নজরদারি আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, আধুনিক পুলিশিং ব্যবস্থার অংশ হিসেবে হোটেল, রেস্টুরেন্টের মালিক ও ম্যানেজারদের তথ্য এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণে একটি অ্যাপভিত্তিক সিস্টেম চালু করা হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণে তথ্যভিত্তিক নজরদারি আরও কার্যকর হবে।
তিনি জানান, মোহাম্মদপুর ও বসিলা এলাকাকে অপরাধমুক্ত করতে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন হলে অন্য থানা থেকেও অতিরিক্ত পুলিশ সদস্য এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হবে। পাশাপাশি স্থানীয়ভাবে অবৈধ আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে ‘নো ড্রাগস’ কর্মসূচি চালানো হবে।
মো. সরওয়ার আরও বলেন, মোহাম্মদপুরের রায়েরবাজার ও বসিলা এলাকায় পুলিশ ক্যাম্পের সদস্য সংখ্যা বাড়ানো হবে এবং পুরো এলাকাকে আদর্শ ও নিরাপদ এলাকায় রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। মাদক ও দেশীয় অস্ত্র নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে তিনি স্থানীয়ভাবে অটোরিকশা ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক বয়কটের আহ্বান জানান এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার কথা বলেন। পাশাপাশি খেলনা হিসেবে মেটাল পিস্তল বিক্রির বিষয়টিও নজরদারিতে রাখা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রযুক্তিনির্ভর পুলিশিং ও জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











