টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, একই দিন সকাল ৯টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের ডিঙি নৌকাকে থামার সংকেত দেওয়া হলে নৌকায় থাকা এক জেলে পানিতে লাফ দিয়ে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়।
পরে নৌকাটি তল্লাশি করে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
জব্দকৃত নৌকা ও ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































