জঙ্গল সলিমপুরকে অনেকে ‘রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র’ বলতেন: ডিসি চট্রগ্রাম

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১৭:০৭
অ- অ+

সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় কোনো ধরনের প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এক সময় এমন একটি এলাকা ছিল, যাকে অনেকে ‘রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র’ বলতেন।

তিনি আরও বলেন, সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় কোনো ধরনের প্রাণহানি ছাড়াই আমরা সেখানে অভিযান সম্পন্ন করেছি এবং জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সেখানে সন্ত্রাসীরা নিজেদের মতো করে জমি বরাদ্দ দিত, বিদ্যুৎ-সংযোগ নিত, বিভিন্ন অবকাঠামো গড়ে তুলত। সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। কিন্তু এভাবে তো একটি দেশ চলতে পারে না।

চট্টগ্রামের ডিসি আরও বলেন, নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে, আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করি এবং সফলভাবে তা মোকাবিলা করতে সক্ষম হই।

ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে সবার মধ্যেই দীর্ঘদিন ধরে এক ধরনের আশঙ্কা ছিল। কখন কী ধরনের দুর্ঘটনা ঘটে যায়, সেই শঙ্কা কাজ করত। অতীতের ঘটনাপ্রবাহও সুখকর ছিল না।

তিনি আরও বলেন, বহুবার দেখা গেছে, সন্ত্রাসীরা নিরীহ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। তবে এবার তাদের সেই সুযোগ দেওয়া হয়নি।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকার নিরপরাধ ও অসহায় মানুষের জন্য কাজ করছে। জঙ্গল সলিমপুরে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিও পরিচালিত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক চাহিদা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের জেলা প্রশাসক জানান, সেখানে ইতোমধ্যে দুটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। সলিমপুরের সার্বিক অবকাঠামো উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হয়েছে। নতুন সড়ক নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে।

জেলা কারাগার, র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন স্থাপনা স্থাপনের আবেদন নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।

চট্টগ্রামের ডিসি বলেন, মানুষের সুবিধার্থে সেখানে একটি ভূমি অফিস স্থাপন করা হয়েছে, যাতে জমি সংক্রান্ত সিন্ডিকেট বন্ধ করা যায়। খুব শিগ্‌গির এর কার্যক্রম শুরু হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ভাইয়ের মানব পাচার সাম্রাজ্য, ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য সিআইডির হাতে
৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি ফাঁস, যা আছে সমঝোতায়
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা