কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়া, জলাবদ্ধতায় ভোগান্তি এসএসসি পরীক্ষার্থীদের

ব্রাহ্মণবাড়িয়া জেলায় কালবৈশাখীর তাণ্ডব, ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলা সদরসহ বিভিন্ন এলাকা। জলাবদ্ধতার পানি ভেঙে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কালবৈশাখীর সঙ্গে সকাল থেকে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা, ফলে চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
শহরের গুরুত্বপূর্ণ জেলা পরিষদ মার্কেট, রেলস্টেশন রোড, কাজীপাড়া, সরকার পাড়াসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমে যায়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও একই চিত্র দেখা যায়। জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভিজে কেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে।
এদিকে কালবৈশাখীর সঙ্গে দফায় দফায় বজ্রপাত পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তোলে। অভিভাবকরা সন্তানদের নিয়ে চরম উদ্বেগের মধ্যে পড়েন। অনেক পরীক্ষার্থী জানান, সকালে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন। পাশাপাশি রিকশা ও অন্যান্য যানবাহনের সংকট তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ জানান, পানি নিষ্কাশনের জন্য পৌরসভার শ্রমিকরা ড্রেন পরিষ্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, টানা বৃষ্টির কারণে সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে পৌর কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন সমস্যা কমাতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শহরবাসী জানান, বর্ষা মৌসুমেই শহরের বিভিন্ন এলাকায় এমন জলাবদ্ধতা নতুন নয়। দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা ও টেকসই অবকাঠামোগত উন্নয়ন না হলে ভবিষ্যতেও শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হবে।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































