কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই এলাকার মো. মনির হোসেনের আট বছর বয়সী মেয়ে মোছা. ছাদিয়া, একই উপজেলার মো. জাহিদুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের বাসিন্দা মাইক্রোবাস চালক মো. লিমন (২৮)।
প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন জানান, মাইক্রোবাসটি রংপুর থেকে রোগী নিয়ে ভূরুঙ্গামারীর দিকে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশুও রয়েছে।
আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—হামিদুল ইসলাম, শান্তা, সমের আলী ও মোছা. জবা। বাকি আহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













