শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক আটক

রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাস্ট মিনিবাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ওমর ফারুককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
তিনি জানান, গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ওই অভিযুক্ত বাসচালককে হেফাজতে নেয়।
উল্লেখ্য, এই ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











