ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আমুলিয়া মডেল টাউন এলাকায় অবস্থিত আগুন লাগা কারখানাটি টিনশেড নির্মিত।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর পৌনে ১টা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











