শাহবাগে বাসা থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে একটি বাসা থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী হাফিজুর রহমান জানান, জিসান ২০১৮–১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে কর্মরত ছিলেন।
সহকর্মীদের ভাষ্য, তারা শাহবাগের হাবিবুল্লাহ রোডের একটি বাসায় মেস করে থাকতেন। সোমবার দুপুরে তার রুমমেট দীপ্ত সিংহ জিসানকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে জিসান বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে সহকর্মী ও পরিবারের সদস্যরা জানান।
নিহতের ভাই জাহিদ হাসান বলেন, তাদের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। তাদের বাবার নাম আহসান হাবিব।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











