তামাক নিয়ন্ত্রণে কর বাড়ানোর দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বাড়ানোর দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর (ডর্প)-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তামাকবিরোধী কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিড়ি শ্রমিক নেতারা অংশ নেন। এতে বক্তব্য দেন ডর্প-এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেবা আফরোজা, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য জয়নব বিবি ও সাংবাদিক বোরহান তালুকদারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশের প্রায় ৯০ শতাংশ সিগারেট নিম্ন ও মধ্যম স্তরের হওয়ায় তা সহজলভ্য এবং তরুণদের মধ্যে ধূমপান বাড়ছে। তাই নিম্ন ও মধ্যম স্তর একত্র করে প্রতি ১০ শলাকার সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা, উচ্চ স্তরে ১৫০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২০০ টাকা নির্ধারণের দাবি জানান তারা। পাশাপাশি সব স্তরে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রেখে প্রতি প্যাকেটে সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাবও তুলে ধরা হয়।
বক্তারা আরও জানান, দেশে তামাক ব্যবহারের হার ৩৫.৩ শতাংশ এবং প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ তামাকজনিত রোগে অকালমৃত্যুর শিকার হচ্ছেন। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যের মূল্য বৃদ্ধি ও কার্যকর কর আরোপের কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
এ সময় বিড়ি শ্রমিকরা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও বিড়ি-সিগারেটের দাম তুলনামূলক কম থাকায় এগুলো এখনো সহজলভ্য। এতে তামাক ব্যবহার কমার বদলে বরং বাড়ছে। তারা তামাকপণ্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি নিজেদের জন্য বিকল্প কর্মসংস্থানের জোর দাবি জানান।(ঢাকাটাইমস/৫ মে/আইএফ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











