ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (৫০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে স্বামী আরব আলী (৬০) আহত হন।
আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নিলুফা বেগম পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী। আহত আরব আলীকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর ওপর অভিমান করে সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়াচ্ছিলেন নিলুফা বেগম। এ সময় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি কুশাডাঙ্গা রেলগেট এলাকা অতিক্রম করছিল। একপর্যায়ে এই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন নিলুফা। এতে ট্রেনের ধাক্কায় নিলুফার হাত ও মাথা থেঁতলে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কা লেগে আরব আলীও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলুফাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিঞ্চন সাহা বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি স্বামীর ওপর অভিমান করে ওই নারী আত্মহত্যা করেছেন। বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































