সুনামগঞ্জের ছাতকে জমি রেজিস্ট্রি নিয়ে সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, জাউয়াবাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে জমি কেনেন কোনাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। তবে দীর্ঘ সময় পার হলেও জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর উভয় পক্ষ সংঘবদ্ধ হয়ে জাউয়াবাজার এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন বলে জানা গেছে।
সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় যানজটে আটকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে এগিয়ে গেলে তিনি ইট-পাটকেলের আঘাতে আহত হন। পরে তাকে কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে সংসদ সদস্যের হস্তক্ষেপ এবং আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির বলেন, জমি রেজিস্ট্রি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় আহতদের সংখ্যা যাচাই করা হচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
(ঢাকাটাইমস/৯ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































