গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। শনিবার (৯ মে) ভোর রাতে উপজেলার বাগচলা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে একটি পিকআপ নিয়ে একদল ব্যক্তি এলাকায় গরু চুরি করতে আসে বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। একপর্যায়ে তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হলে ঘটনাস্থলেই একজন মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১০ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































