বিজয় দিবসে চালুর লক্ষ্য শাহজালালের থার্ড টার্মিনাল

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে টার্মিনাল চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বাড়বে। পাশাপাশি ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে। এতে আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, যাত্রীচাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় নিয়ে বিমান বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে।
আফরোজা খানম রিতা বলেন, সরকার মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গঠনের পরিকল্পনা করছে। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিমান ও পর্যটন খাতকে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ খাতের ইতিবাচক দিক দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।
এ সময় বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্যসচিব ইমন চৌধুরীসহ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












