সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া

“সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাশ, জেলা প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফ্যামেলি কার্ড কার্যক্রম, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তিনি উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কৃষিখাতে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়া, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
(ঢাকাটাইমস/১৩ মে/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































