বাজেটে ঘোষণার আগেই নতুন পে স্কেলের সুপারিশ বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৬, ১২:৪৮| আপডেট : ১৩ মে ২০২৬, ১২:৪৯
অ- অ+

আসন্ন জাতীয় বাজেট ঘোষণার আগেই ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’-এর সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

সংগঠনটির দাবি, নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক আবেদনপত্রে এ দাবি জানানো হয়।

আবেদনপত্রে বলা হয়, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পার হলেও নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হয়নি। এ সময়ে খাদ্যপণ্য, বাসাভাড়া, বিদ্যুৎ বিল ও চিকিৎসা ব্যয়সহ জীবনযাত্রার খরচ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এতে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

সংগঠনের নেতারা আরও বলেন, অনেক কর্মচারী এখন ব্যাংক ঋণ ও প্রভিডেন্ট ফান্ডের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি নবম পে স্কেল নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ঘোষণা না আসায় চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

তাদের মতে, বিদ্যমান পে স্কেলে দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি, যা বাজার পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

এ পরিস্থিতিতে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে এবং সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে বাজেট অধিবেশন শুরুর আগেই কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলাসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সরকারি কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে বর্তমান ব্যয়ের তুলনায় বিদ্যমান বেতন কাঠামো অত্যন্ত অপ্রতুল হয়ে পড়েছে।

(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরাকানে রোহিঙ্গাদের গ্রাম ছাড়ার ডেডলাইন আজ, নতুন করে অনুপ্রবেশের শঙ্কা
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া