ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষায় মানববন্ধন, প্রতিরোধের প্রত্যয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববরেণ্য সঙ্গীতাচার্য ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর নামে প্রতিষ্ঠিত সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ভূমি রক্ষা কমিটি’র আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সঙ্গীতাঙ্গনের সংগীত, আবৃত্তি ও নৃত্য বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় তারা সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষায় বিভিন্ন স্লোগান দেন এবং ভূমি দখলের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
একটি ভূমিখেকো চক্র দীর্ঘদিন ধরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের ষড়যন্ত্র করছে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই সঙ্গীতাঙ্গন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি জেলার সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। তাই কোনোভাবেই এই প্রতিষ্ঠানের ভূমি দখল করতে দেওয়া হবে না।
সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় সাংস্কৃতিক অঙ্গনের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুন নূর, জেলা সিপিবির সভাপতি কমরেড সাজিদুল ইসলাম, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির মিয়া এবং অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিকসহ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী-কলাকুশলীরা।
কর্মসূচি শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
(ঢাকাটাইমস/১৬মে/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













