ব্রাহ্মণবাড়িয়া কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত একজন আসামি কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।
আজ সোমবার (১৮ মে) সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালের নেওয়ার তার মৃত্যু হয়। তার নাম মরন মিয়া (৪০)। তিনি নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে।
কারাসূত্র এসব তথ্য নিশ্চিত করে জানায়, ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ মে থেকে মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন।
আজ সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে মরন মিয়াকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, আজ সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরন মিয়া। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরন মিয়ার মৃত্যু হয়। তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।
(ঢাকাটাইমস/১৮মে/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































