শিশু ধর্ষণ-হত্যার ঘটনায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শ্রমজীবী নারী মৈত্রীর

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী। সংগঠনটি বলেছে, দেশজুড়ে ধারাবাহিক শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড চরম সামাজিক অবক্ষয় ও নৈরাজ্যের বহিঃপ্রকাশ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার বিচার না চাওয়ার বক্তব্য সমাজ ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের চরম অনাস্থার প্রতিফলন।
তারা দাবি করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ ও হত্যার মতো অপরাধ বাড়ছে এবং অপরাধীরা উৎসাহিত হচ্ছে।
তারা বলেন, সাম্প্রতিক সময়ে নরসিংদী, ঠাকুরগাঁও, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় শিশু ধর্ষণ ও হত্যার যেসব মর্মান্তিক ঘটনা ঘটছে, তা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। একটি নির্বাচিত সরকারের আমলে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
নেতৃবৃন্দ আরও বলেন, অধিকাংশ ভুক্তভোগী শিশু ও নারী দরিদ্র পরিবারের হওয়ায় অনেক ক্ষেত্রেই তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। ফলে অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে।
শ্রমজীবী নারী মৈত্রী অবিলম্বে শিশু ও নারী ধর্ষণ-হত্যার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানায়। একইসঙ্গে এ ধরনের অনাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











