দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল নিয়ে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় তিন যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রাণীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নুরপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে আলামিন (১৫), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) ও আফসারাবাদ এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। পরবর্তীতে অপর দুই আরোহীকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। একইসঙ্গে ট্রাকের হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































