মিরপুরে
কুরিয়ারে পাঠানোর সময় ধরা পড়ল ৯০ হাজার টাকার জাল নোট

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জিসান আলম। তিনি ঢাকার সাভারের কাউন্দিয়া এলাকার বাসিন্দা।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মিরপুরের ৬০ ফিট সড়কের বারেক মোল্লা মোড় এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালানো হয়। মিরপুর মডেল থানার ওসির নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে জিসান আলমকে গ্রেপ্তার করা হয়।
পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর দুটি কার্টন বক্স থেকে বিভিন্ন মূল্যমানের মোট ৯০ হাজার ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি পলাতক তৌফিক ইসলাম অর্ণব নামের আরেক সহযোগীকে নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল নোট অন্যত্র পাঠাতে এসেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অর্ণব পালিয়ে যান।
জব্দ করা আলামতের মধ্যে রয়েছে—একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































