ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপের মধ্যে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের যানজটের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় সড়কে আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
আজ মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের গতি কমে যায়। বিশেষ করে যমুনা সেতু এলাকায় একাধিক গাড়ি বিকল হওয়া এবং কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, যমুনা সেতুতে গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে পুংলী এলাকা পর্যন্ত মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঝড়-বৃষ্টির কারণে সেতু এলাকায় আগে থেকেই যানবাহনের দীর্ঘ সারি ছিল। এর মধ্যে সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়া এবং কয়েকটি দুর্ঘটনার কারণে যান চলাচলে আরও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তিনি জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যমুনা সেতুতে অন্তত ১১টি গাড়ি বিকলের ঘটনা ঘটেছে। এছাড়া মঙ্গলবার সকালে উত্তরবঙ্গগামী লেনে একসঙ্গে চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো দ্রুত সরিয়ে নিতে রেকার দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেতু ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঈদযাত্রার অতিরিক্ত চাপ এবং দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যানবাহনের ধীরগতি অব্যাহত থাকতে পারে।
এদিকে দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ঘরমুখো যাত্রীরা। অনেকেই নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করেছেন।
(ঢাকাটাইমস/২৬ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































