জামালপুরে কোরবানির পশুর হাটে মহিষের গুঁতোয় নিহত ২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে একটি মহিষের আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়ভাবে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৪ মে) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে কয়েকটি মহিষ নিয়ে আসেন এক ব্যবসায়ী। হাটে আনার পর একটি মহিষ হঠাৎ উত্তেজিত হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
একপর্যায়ে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি শুরু করে এবং সামনে থাকা লোকজনকে আক্রমণ করতে থাকে। আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করলে হাটে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
মহিষের আক্রমণে রুহুল আমিনসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত রুহুল আমিনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ছিলেন।
আহতদের মধ্যে সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমানকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মে) সন্ধ্যায় তিনি মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মহিষের আক্রমণে আহত মজিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে।
স্থানীয়দের দাবি, কোরবানির পশুর হাটে বড় ও আক্রমণাত্মক পশু নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাট ব্যবস্থাপনায় আরও সতর্কতা ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।
(ঢাকাটাইমস/২৬ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































