রাজধানীতে ভরদুপুরে অন্ধকার, ঝুম বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১২টার দিকে হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে এবং ভরদুপুরে যেন রাত নেমে আসে। এরপর শুরু হয় অঝোর ধারার ঝুম বৃষ্টি, যা নগরজীবনে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটলেও জনজীবনে নেমে আসে স্বস্তি।
এদিকে ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ইতোমধ্যে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। অধিকাংশ মানুষ গ্রামে চলে যাওয়ায় সড়কে যানবাহন ও জনসমাগম তুলনামূলকভাবে কম ছিল। তবে যারা জরুরি কাজে বাইরে বের হয়েছেন, তারা বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েন। অনেককে আশ্রয় নিতে দেখা গেছে দোকান ও ভবনের নিচে।
টানা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও নগরবাসীর দৈনন্দিন চলাচলে তৈরি হয়েছে দুর্ভোগ। আবহাওয়াবিদদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, রাজধানীর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। বেলা পৌনে ১২টা থেকে দুপুর ৩টার মধ্যে এই বৃষ্টিবলয় ঢাকায় প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, ঢাকা ও এর আশপাশের মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলাতেও একই সময়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ পলাশের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে একটি এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে আরেকটি ঝড়ো বৃষ্টিবলয় অতিক্রম করছে। একই সময়ে খুলনা বিভাগেও একটি ঝড় প্রবেশ করছে।
তিনি জানান, এসব ঝড় দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে দেশের বিভিন্ন বিভাগ ও জেলাকে প্রভাবিত করতে পারে। বিকেল পর্যন্ত এসব ঝড়ের প্রভাব দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চল জুড়ে বিস্তৃত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে কৃষকদের খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা, কারণ বজ্রপাতসহ ঝড়ো আবহাওয়া কৃষিকাজের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, চলমান এই বৃষ্টিপাত সাময়িক স্বস্তি দিলেও আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থির আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
(ঢাকাটাইমস/২৬ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











