ট্রেনে উঠতে গিয়ে সন্তানকে ফেলে যান মা, পরিবারে ফিরিয়ে দিল আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৬, ১৪:৪২
অ- অ+

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভিড়ের মধ্যে অসাবধানতাবশত প্ল্যাটফর্মে ফেলে রেখে ট্রেনে উঠে পড়েছিলেন এক মা। পরে দায়িত্বরত আনসার সদস্যদের দ্রুত তৎপরতায় ছয় বছর বয়সী শিশুটিকে নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আজ মঙ্গলবার সকাল আটটার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আনসার সূত্রে জানা গেছে, সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে পৌঁছালে যাত্রীদের ওঠা-নামাকে কেন্দ্র করে প্ল্যাটফর্মে ভিড় তৈরি হয়। এ সময় এক নারী যাত্রী তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার সময় তাঁর ছয় বছর বয়সী সন্তানকে প্ল্যাটফর্মে রেখে যান।

ট্রেন ছাড়ার প্রস্তুতির মধ্যে শিশুটি নিজেকে একা দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে। বিষয়টি নজরে এলে স্টেশনে টহলরত আনসার সদস্যরা দ্রুত শিশুটির কাছে যান এবং তাকে নিরাপদে নিজেদের হেফাজতে নেন।

দায়িত্বে থাকা আনসার সদস্য পিসি মো. জয়নাল আবেদীন, এপিসি মো. ইমদাদুল হক এবং সদস্য শ্রী কৃষ্ণ চন্দ্র ট্রেনের বিভিন্ন বগির সামনে গিয়ে শিশুটির অভিভাবকের খোঁজে মাইকিং শুরু করেন। একপর্যায়ে ট্রেনের ভেতরে থাকা শিশুটির মায়ের সন্ধান পাওয়া যায়।

পরবর্তী সময়ে পরিচয় যাচাইয়ের পর শিশুটিকে তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে ওই মা আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্টেশনে উপস্থিত কয়েকজন যাত্রী বলেন, আনসার সদস্যরা দ্রুত ব্যবস্থা না নিলে ট্রেন ছেড়ে দেওয়ার পর শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া কঠিন হয়ে পড়তে পারত। তাঁদের মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন যাত্রীরা।

শিশুটির পরিবারও এ ঘটনায় আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাঝরাতে অরিজিনাল ভিডিও দেখালেন ‘সাহসী’ পরীমনি!
এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমনি, লাইভে দিলেন কড়া জবাব
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আরাকানে রোহিঙ্গাদের গ্রাম ছাড়ার ডেডলাইন আজ, নতুন করে অনুপ্রবেশের শঙ্কা