ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি না নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। সভায় সরকারি ও বেসরকারি হাসপাতাল, প্যাথলজি প্রতিষ্ঠান, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ডেঙ্গু রোগীদের চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য অন্তত ১০ শতাংশ শয্যা খালি রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে।
তিনি বলেন, রোগীদের শুধু ওষুধ ও খাবারের ব্যয় বহন করতে হবে। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করতে হবে।
সভায় ডেঙ্গু চিকিৎসায় ওষুধ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ চিকিৎসা নির্দেশনা অনুসরণের ওপরও গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে এমন ওষুধ প্রয়োগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।
ডেঙ্গুর টিকা প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে ডেঙ্গুর কোনো টিকা আন্তর্জাতিকভাবে সার্বজনীন স্বীকৃতি পায়নি। এ কারণে দেশে এখনই ডেঙ্গুর টিকাদান কর্মসূচি চালুর পরিকল্পনা সরকারের নেই।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাড়ির ছাদ, আঙিনা বা আশপাশে মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসাসেবা ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































