মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৬, ১৭:৫৩
অ- অ+

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পিতা-মাতার ভরণপোষণ আইনের আওতায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আজ (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। অভিযোগের বিষয়ে যুগ্ম সচিব আনিসুর রহমানের বক্তব্যও নেওয়া হবে।

বর্তমানে আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে, মরদেহটি পচন ধরেছিল এবং সেখানে পোকা দেখা যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি পুলিশকে জানান। তাদের ভাষ্য, বাসাটি ছিল অগোছালো ও অপরিচ্ছন্ন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। বাসাটির পরিবেশ খুবই নোংরা ছিল। তিনি জানান, নুরজাহানের এক ছেলে যুগ্ম সচিব এবং আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক।

নুরজাহান বেগমের মৃত্যুর পর তার সন্তানদের দায়িত্ব ও অবহেলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এর মধ্যেই সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভার মডেল থানার নতুন ওসিকে ঘিরে বিতর্ক, অতীত নিয়ে নানা অভিযোগ
‘নির্লজ্জ-বেহায়া’ আখ্যা দিয়ে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
জুলাই অভ্যুত্থান থেকে ডিজিটাল গণতন্ত্র: দুই বছরের মূল্যায়ন
সবুজবাগে কালভার্টের নিচে নারীর গলাকাটা মাথা ও দুই হাত উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা