ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে আদ-দ্বীন

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সন্তানহারা প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আদ-দ্বীনের আইনজীবী শিশির মনির এ তথ্য জানান।
শিশির মনির বলেন, প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া আগে ঘোষণা করা অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এরই মধ্যে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
এদিকে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশির মনির বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আইনজীবীর উপস্থিতিতে সশরীরে তাদের বক্তব্য উপস্থাপন করতে চায়। এ কারণে আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়ে আবেদন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সময় বৃদ্ধির আবেদনপত্র পাওয়া গেছে। কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার নির্ধারিত সময় রোববার বিকেল ৫টা পর্যন্ত। এরপর বিষয়টি পর্যালোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ২৭ মে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধান এবং দায় নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































