মগবাজারে তর্কের জেরে মোটরসাইকেল চালকের ধাক্কা, বাসের নিচে পড়ে নিহত বৃদ্ধ

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে বাসচাপায় এ আর আক্তারুল আলম (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরঝিল এলাকার মগবাজার ওয়্যারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আক্তারুলকে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলামিন জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তি ওয়ারলেস মোড় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এক মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এর পর মোটরসাইকেল চালকের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মোটরসাইকেল চালক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এ সময় আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এর পর পথচারীরা তাকে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক ও আজমেরী পরিবহনটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালে আক্তারুল আলমের ছেলে ইমাম মেহেদী পরম জানান, তাদের বাড়ি পিরোজপুর জেলার কাউখালি থানার বেকুটিয়া গ্রামে। বর্তমানে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় থাকেন তারা। তার বাবা একটি কোম্পানিতে চাকরি করতেন।
মোবাইলের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজুল ইসলাম মেডিকেলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































