বদলির প্রায় দুই মাস পরও মাগুরায় ডিডিএলজি ইমতিয়াজ, দুর্ব্যবহারের অভিযোগ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১০:৩২| আপডেট : ০৯ জুন ২০২৬, ১০:৪১
অ- অ+

মাগুরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) ইমতিয়াজ হোসেনের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার এবং অশালীন ভাষায় কথা বলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বদলির আদেশ হওয়ার প্রায় দুই মাস পরও তিনি কর্মস্থল না ছেড়ে মাগুরাতেই অবস্থান করছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সরকার বিভাগের সূত্রে জানা গেছে, ইমতিয়াজ হোসেন ২০২৫ সালের ৯ নভেম্বর মাগুরা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি নরসিংদীর বাসিন্দা। দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রূঢ় আচরণ, গালিগালাজ এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইমতিয়াজ হোসেন প্রায়ই অধস্তনদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অনেক ক্ষেত্রে তিনি অপমানজনক ভাষা ব্যবহার করেন। তাঁর আচরণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

কয়েকজন সেবাগ্রহীতাও অভিযোগ করেন, পৌরসভায় বিভিন্ন কাজে গেলে তাঁদের সঙ্গে অশোভন আচরণ করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে গত ১৬ এপ্রিল ইমতিয়াজ হোসেনকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) হিসেবে বদলি করা হয়। তবে বদলির আদেশ জারির প্রায় দুই মাস পার হলেও তিনি এখনো মাগুরাতেই রয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, দ্রুত তাঁকে মাগুরা থেকে প্রত্যাহার করে অভিযোগগুলো তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইমতিয়াজ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার বিরুদ্ধে এসব অভিযোগ কোথায় পেয়েছে? সবই মিথ্যা।'

পাবনায় যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মিনিস্ট্রি (মন্ত্রণালয়) যে-দিন বলবে সেদিন চলে যাবো।'

(ঢাকাটাইমস/৯ জুন/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানে পুনরায় ফ্লাইট চলাচল শুরু
সৌদি থেকে হজ শেষে ১০৫ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৫১৫৮ জন হাজি, মারা গেছেন ৪৯
পুশইন বিতর্ক: শুভেন্দুর দাবি প্রত্যাখ্যান বিজিবির, সীমান্তে নিরাপত্তা জোরদার
শ্রীমঙ্গলে প্রবাসীর বাসা থেকে অজগর সাপ উদ্ধার, এলাকায় আতঙ্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা