শাহবাগ স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশনের বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল উঠে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। প্রায় ২৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকার পর কারিগরি জটিলতা দূর হলে পুনরায় সেবা স্বাভাবিক হয়।
আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টা ১৫ মিনিটে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।
জানা গেছে, শাহবাগ স্টেশনের বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল উঠে গেলে তা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ ঘটনায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে পুরো রুটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।
ঘটনার পর স্টেশনের মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ট্রেন চলাচল বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।
হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চলন্ত ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বিদ্যুৎ না থাকায় ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ হয়ে যায়। এতে বদ্ধ বগির ভেতরে দীর্ঘ সময় অবস্থান করতে হওয়ায় অনেক যাত্রী অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন।
পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় কিছু যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় শাহবাগ, ফার্মগেট, মিরপুর, উত্তরা ও মতিঝিলসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়। একই সঙ্গে সড়কের গণপরিবহনেও বাড়তি চাপ সৃষ্টি হয়।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থার সূত্রে জানা গেছে, লাইনে আকস্মিক কারিগরি জটিলতা দেখা দেওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে কারিগরি দল দ্রুত সমস্যার সমাধান করলে দুপুর ১২টা ১৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয় এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
তবে ঘটনার বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর যাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগ সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
(ঢাকাটাইমস/১৩ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































