অভিনেত্রী আসমা ঝিলিকের রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তবে প্রাথমিকভাবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
আসমা ঝিলিক ছোট ও বড় পর্দার পরিচিত মুখ ছিলেন। তিনি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।
এ বিষয়ে চিত্রনায়ক অনিক রহমান অভি বলেন, বিয়ের পর ঝিলিক জানতে পারেন তার স্বামীর আগের সংসার ও সন্তান ছিল, যা তার কাছ থেকে গোপন রাখা হয়েছিল। বিয়ের পর তাকে মিডিয়া থেকে দূরে রাখা হয় এবং ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও বাধা দেওয়া হতো। সহকর্মীদের দাবি, এ সময় তিনি নির্যাতনের শিকারও হন।
নিহতের ভাই মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বোনকে তার স্বামী মেরে ফেলেছে। আমরা ধানমন্ডি থানায় হত্যার বিচার চেয়ে মামলা করেছি।’
তার ভাষ্য, চিকিৎসার জন্য আসমা ঝিলিক ও তার স্বামী বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সাইফুল্লাহ ঝিলিককে অষ্টম তলা থেকে ফেলে দেন।
আসমার বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে তার বোনকে স্বামী হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে দেন। ঘটনার কিছুক্ষণ আগেও ভিডিওকলে বোনের সঙ্গে স্বাভাবিকভাবে কথা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তবে পরিবারের এসব অভিযোগের বিষয়ে পুলিশ বলছে, এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে হত্যার কোনো প্রমাণ মেলেনি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে হত্যার কোনো প্রমাণ পাইনি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যাবে।
আসমা ঝিলিক কয়েক বছর ধরে শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন। জানা গেছে, এক প্রযোজককে বিয়ে করার পর সংসারজীবনে মনোযোগী হন তিনি। তবে সহকর্মীদের দাবি, ভালোবেসে বিয়ে করলেও কিছুদিনের মধ্যেই দাম্পত্য জীবনে নানা সমস্যার মুখোমুখি হন এই অভিনেত্রী। সিনেমার পাশাপাশি নাটকেও নিয়মিত অভিনয় করতেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































