খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুই ব্যক্তি

খুলনায় মসজিদে নামাজ চলাকালে দুর্বৃত্তের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। আজ রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। হামলায় লোকমান হাকিমের মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
অপরদিকে, আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তার অবস্থা আশঙ্কামুক্ত।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।
(ঢাকাটাইমস/১৪ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































