বড়দিনের আগেই শিক্ষার্থীরা বই পাবে, আশা শিক্ষামন্ত্রীর

চলতি বছরের ২৫ ডিসেম্বরের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি, বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব। বইগুলো পরিমার্জিত হবে এবং কারিকুলামে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।’
তিনি জানান, ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম ও সিলেবাস পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে মাধ্যমিক স্তরের বই পরিমার্জনের কাজ শেষ হয়েছে এবং চারটি বিষয়ে নতুন বই দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এ কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণত ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। তবে এবার তার আগেই বই বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস বা নকলের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরের মধ্যে সেশন জট কমাতে এবং এসএসসি, এইচএসসি ও উচ্চশিক্ষা পর্যায়কে সমন্বিত করতে কাজ চলছে। ২০২৮ সালের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তির প্রক্রিয়া আরও দ্রুত ও সমন্বিত করার লক্ষ্য রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট না করে সৃজনশীল শিক্ষায় মনোযোগী করতে নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































