পুশ ইন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল, ফেরালো পুলিশ

রাজধানীতে অবৈধ পুশ ইন ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। তবে গুলশান-১ গোলচত্ত্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।
শুক্রবার রাত আটটার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে পুলিশ মিছিলের গতিরোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলকারীরা। এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহের পর তারা সড়ক ত্যাগ করেন।
সমাবেশে বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মেজর আক্তারুজ্জামান, এবি জুবায়ের, রাশেদ প্রধানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতের পক্ষ থেকে অবৈধভাবে মানুষকে বাংলাদেশে পুশ ইন করার ঘটনা এবং বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এজন্য তারা সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































