চলন্ত মোটরসাইকেলে ইট দিয়ে মাথায় আঘাত, ১৩ দিন পর সেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১৩:৫৪
অ- অ+

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ১৩ দিন পর আজ রবিবার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাফির মা তানিয়া আক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় হামলার শিকার হন রাফি। পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে মাথার ডান পাশে ইট দিয়ে সজোরে আঘাত করে।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান চালিয়ে ঢাকা ও ময়মনসিংহ থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবুর (৩২) পরিচয় জানা গেছে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, পারভেজ একসময় রাফিদের বাসার ভাড়াটিয়া ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাফির সঙ্গে পারভেজ ও তার সহযোগীদের বিরোধ তৈরি হয়। এ নিয়ে রাফিকে একাধিকবার হুমকিও দেওয়া হয়েছিল।

তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার দিন পারভেজ, ফয়সাল ওরফে কালু, বাবু এবং তাদের সহযোগী আমিন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ওত পেতে ছিলেন। রাফি সেখানে পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার পর অভিযুক্তরাই আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে দেয়। এ সময় তাদের একজন রাফির মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।

পুলিশ আরও জানায়, ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে প্রচার করতে হামলাকারীরা স্থানীয়দের বলেছিল যে নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে রাফি আহত হয়েছেন। তবে তদন্তে এটি পূর্বপরিকল্পিত হামলা বলে প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২২ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা