আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ‘অস্থিরতার’ আশঙ্কা দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১৬:০৫
অ- অ+

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোথাও কোথাও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ কয়েকটি এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আগামীকাল ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু তৎপরতা বিভিন্ন স্থানে নজরে এসেছে। তাঁর ভাষ্য, কিছু এলাকায় মিছিল-মিটিংয়ের প্রস্তুতির মতো কার্যক্রম দেখা গেছে, যা থেকে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘এইড টু সিভিল পাওয়ার’ ব্যবস্থার আওতায় ঢাকা ও চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং আরও দুটি জেলায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

পুলিশের প্রতি আস্থার সংকটের কারণে সেনা মোতায়েন করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি আস্থা বা অনাস্থার নয়। প্রয়োজন অনুযায়ী অতীতেও বিভিন্ন সময় বিজিবি বা সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এটিকে তিনি ‘রুটিন কার্যক্রম’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গত ১৫ জুন সারা দেশ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্বে থাকা সেনাসদস্যদের নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে প্রত্যাহার করা হয়। তবে বর্তমান মোতায়েনের সঙ্গে সেই পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

অন্য এলাকায়ও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু নির্দিষ্ট স্থানে তৎপরতা বাড়ার তথ্য গোয়েন্দা সংস্থাগুলো দিয়েছে। এ ছাড়া আরও কিছু বিষয় রয়েছে, যা প্রকাশ করা সম্ভব নয়। দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জ-৩ আসনের এক সংসদ সদস্যের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল বলেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। প্রয়োজন মনে করায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে এক নারী হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা প্রদেশের দাবি তুলেছিলেন—সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি হয়তো ‘স্লিপ অব টাং’ বা অতিরিক্ত উৎসাহের বহিঃপ্রকাশ হতে পারে। বৈঠকে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েই আলোচনা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যাবে, বিগত সময়ের তুলনায় বর্তমানে অপরাধের হার কম। বিরোধী দলগুলো গণতান্ত্রিক অধিকার অনুযায়ী সমাবেশ করছে এবং তারা তাদের বক্তব্য তুলে ধরতে স্বাধীন বলে মন্তব্য করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভিডিও ফাঁস: ক্যালকুলেটরে গোনে ১৫ শতাংশ ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তবু বহাল প্যাথলজি ইনচার্জ, কী বলছেন সিভিল সার্জন! 
চীনের পথে প্রধানমন্ত্রী
শুধু মেসি নন, পুরো আর্জেন্টিনা দলই ভয়ঙ্কর: অস্ট্রিয়া প্রধান কোচ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা