পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে ডিএমপির নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ২৬ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (২৩ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিল চলাকালীন সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু কার্যক্রম সীমিত থাকবে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হবে। এছাড়া মিছিলের রুটে যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা চৌকি স্থাপন করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
ধর্মীয় এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরি (২৬ জুন ২০২৬) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে কিছু ব্যক্তিবর্গ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্রবিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে, যা ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতংক ও ভীতিসৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ।
এতে আরও বলা হয়, মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষ্যে আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আদেশ তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে।
(ঢাকাটাইমস/২৩ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































